শিলিগুড়ি, ৪ এপ্রিল :
শনিবার শিলিগুড়িতে নির্বাচনী উত্তাপের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন কংগ্রেস প্রার্থী অলোক ধারা। এদিন তিনি শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।
ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় অলোক ধারার সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা। দপ্তর চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ, শোনা যায় সমর্থকদের স্লোগান।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলোক ধারা জানান, তিনি মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। শিলিগুড়ির উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “মানুষের আশীর্বাদ নিয়ে আমি নির্বাচনে লড়াই করছি। জয়ী হলে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে সর্বদা সচেষ্ট থাকব।”
আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে শিলিগুড়ি কেন্দ্রে রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার শুরু করেছেন। সেই প্রেক্ষিতে অলোক ধারার মনোনয়ন জমা দেওয়া নির্বাচনী লড়াইকে আরও জোরালো করে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

