শিলিগুড়ি , ২৭ জুন
বালি ও জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত উত্তম বারুই। শুক্রবার ভক্তিনগর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে বলে জানা গিয়েছে।
গত বৃহস্পতিবার ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বালি ও জমি মাফিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ভক্তিনগর থানার আইসি-সহ পুলিশ আধিকারিকদের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি বিজেপি যুব মোর্চার সাংগঠনিক সভাপতি সৌরভ সরকার-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালির ব্যবসা চালিয়ে আসছিলেন উত্তম বারুই। এলাকায় অবৈধভাবে বালি মজুত করার পাশাপাশি কয়েকদিন আগে একটি ডাম্পার দিয়ে এক শিশুকে পিষে মারার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা আগে পুলিশে অভিযোগ জানালেও তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
সূত্রের খবর, উত্তম বারুই একসময় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে এলাকার এক ব্যক্তিকে শিকল দিয়ে মারধরের অভিযোগও উঠেছে। ওই ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
মন্ত্রীর হস্তক্ষেপের পর ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করায় ঘটনাটি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে গ্রেফতার এবং অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে।

