আলিপুরদুয়ার, ২৬ মে:
এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাল আলিপুরদুয়ার জেলা পুলিশ। মঙ্গলবার আলিপুরদুয়ারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জেলার কৃতি ও মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার মোট ২৭ জন ছাত্র-ছাত্রী উল্লেখযোগ্য ফলাফল করেছে। কেউ জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করেছে, আবার কেউ রাজ্যস্তরেও ভালো স্থান পেয়েছে। সেই সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও সম্মান জানাতেই এই উদ্যোগ নেয় জেলা পুলিশ।
অনুষ্ঠানে পাঁচজন কৃতি পড়ুয়াকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “সব সময় বড় স্বপ্ন দেখতে হবে। ছোট স্বপ্ন দেখলে চলবে না। বাবা-মায়েরা যে কষ্ট করে সন্তানদের মানুষ করছেন, ভবিষ্যতে সেই কষ্ট যাতে তোমাদের করতে না হয়, সেই লক্ষ্য নিয়েই এগোতে হবে। শিক্ষার মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন সম্ভব।” জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও।

