দিনহাটা, ৩ জুলাই:
দিনহাটায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিস ও মহকুমা শাসক দপ্তর চত্বর। শুক্রবার দিনহাটা ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে একাধিক মহিলা একত্রিত হয়ে বিডিও অফিসে জড়ো হন এবং তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ দ্রুত দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের অনেকেরই অ্যাকাউন্টে এখনও সরকারি অর্থ পৌঁছায়নি। অথচ কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলেও তাঁদের দাবি। এই অভিযোগ ঘিরেই মূলত ক্ষোভের সঞ্চার হয় বলে জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালীন তাঁরা ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাঁদের দাবি, বিষয়টি জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন পর পুনরায় বিডিও অফিসে আসার নির্দেশ দেওয়া হয়। এই আশ্বাসের পরও দ্রুত সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ আরও বাড়ে।
এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বিডিও অফিস চত্বরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছু সময়ের জন্য উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।
এরপর বিক্ষোভকারীরা বিডিও অফিস চত্বর ছেড়ে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের দিকে যান। সেখানে তাঁরা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পুনরায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁদের বকেয়া টাকার দাবি জানান।
শেষে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয় বলে বিক্ষোভকারীরা জানান। তবে দ্রুত অর্থ প্রদান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

