শিলিগুড়ি, ২২ ডিসেম্বর :
বাংলাদেশে দিপু দাস হত্যাকাণ্ড ও সে দেশে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগরের আহ্বানে বাঘাযতীন পার্কে জমায়েতের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি।
দুপুর বারোটা নাগাদ বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদ রেলি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছয়। রেলিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবি তোলেন এবং দিপু দাস হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান। এদিনের কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও অংশ নেন।
রেলি শেষে ভিসা অফিস ঘেরাও করা হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানান। তবে জানা যায়, কর্মসূচির আগেই এদিন ভিসা অফিস বন্ধ ছিল।
এদিনের আন্দোলনে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদকারীরা ভিসা অফিসের ব্যানার ছিড়ে ফেলে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে লক্ষ্য করে কুশপুতুল দাহ করা হয়। গোটা কর্মসূচি জুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভিসা অফিস চত্বর।
হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁদের এই আন্দোলন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

