জলপাইগুড়ি, ১৫ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে নির্বাচনী সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। বুধবার ফাটাপুকুর ময়দানে আয়োজিত নির্বাচনী সভা থেকে তিনি একাধিক প্রতিশ্রুতি ও রাজনৈতিক বার্তা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি আড়াই বছরের মধ্যে ৫০০ টাকার বেশি করা হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে -এর উন্নয়নে ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার আশ্বাস দেন।
উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্বের উপর জোর দিয়ে তিনি দাবি করেন, জলপাইগুড়ি থেকেই পরিবর্তনের সূচনা হওয়া উচিত এবং জেলার সাতটি আসনই এবার নরেন্দ্র মোদিজি-র নেতৃত্বে বিজেপির ঝুলিতে তুলে দেওয়ার আহ্বান জানান। ইভিএমে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে কড়া সমালোচনাও করেন তিনি।
এদিন তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলি পর্যালোচনা করে প্রত্যাহার করা হবে। একইসঙ্গে গোর্খা সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও প্রত্যাহারের আশ্বাস দেন। রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
রাজ্যে সিন্ডিকেট ও মাফিয়ারাজ বন্ধ করা, পরিবহণ ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং স্টোন মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া উত্তরবঙ্গে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও ট্রাইবাল বিশ্ববিদ্যালয় স্থাপন, অ্যাডভেঞ্চার ও হেরিটেজ ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা এবং চারটি শিল্পনগরী তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন।
জলপাইগুড়ি ও রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী এবং রাজগঞ্জের প্রার্থী দিনেশ সরকার (হারাধন) সহ দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

