জলপাইগুড়ি ,৩ জুন
রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা হলো বুধবার। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা এবং সদর বিডিও অফিসে প্রজেক্টারের মাধ্যমে নবান্নের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উপভোক্তারা ও প্রশাসনিক আধিকারিকরা একসঙ্গে সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতীকীভাবে পাঁচজন উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। এর পর জলপাইগুড়ি সদর বিডিও অফিসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে জলপাইগুড়ি সদর ব্লকের ১০০ জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র হাতে পেয়ে খুশি উপভোক্তারা। তাঁদের অনেকেই জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তা পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ জানান, বর্তমানে জলপাইগুড়ি জেলায় মোট ৮৭ হাজার ৯৯২ জন এই যোজনার সুবিধা পাওয়ার আওতায় রয়েছেন। তিনি বলেন, ধাপে ধাপে আবেদনপত্র জমা ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরও যোগ্য উপভোক্তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো প্রকৃত ও যোগ্য প্রাপকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান।
অন্নপূর্ণা যোজনার সূচনাকে ঘিরে এদিন উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। প্রশাসনের আশা, এই প্রকল্পের মাধ্যমে জেলার বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হবেন।

