নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে সরব হল অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা কর্মসংস্থান দফতরের সামনে সংগঠনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালীন “ভাতা নয়, চাকরি চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। সংগঠনের দাবি, রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষিত বেকার যুবক-যুবতীর জন্য দ্রুত ও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, বহু সরকারি দফতরে শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া যথাযথ গতিতে এগোচ্ছে না, ফলে বেকারত্ব ও হতাশা বাড়ছে।
সংগঠনের প্রতিনিধিরা জানান, শুধুমাত্র আর্থিক ভাতা সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
এদিন বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা কর্মসংস্থান দফতরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠন জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।

