২৩.০৪.২৫
ঢাকা,বাংলাদেশ:
শীঘ্রই বাংলাদেশের চট্টগ্রাম থেকে চীনের কুনমিং রাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের নতুন দ্বার খুলবে। সেইসঙ্গে খুলবে বাণিজ্যের নতুন দুয়ার। এ লক্ষ্যে বিমানবন্দরের কার্গো সার্ভিসকে চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ সক্ষমতায় প্রস্তুত করছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। দুই বছর পর এই বিমানবন্দরে পুনরায় কার্গো সার্ভিস চালুর উদ্যাগকে স্বাগত জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে চীনের কুনমিং রাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। ইতিমধ্যে এয়ারলাইনস কর্তৃপক্ষ আগ্রহের বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানিয়েছে। সে লক্ষ্যে কাজ শুরু করেছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ।
এটিকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের একটি নতুন দ্বার হিসেবে দেখছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানিয়েছেন, গত ৯ এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত। এরপর দেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে শাহ আমানত বিমানবন্দরে আমদানি-রফতানি কার্গো পরিবহনের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দিকনির্দেশনায় গত সোমবার চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি সভা হয়। এতে কার্গো অপারেশন সংশ্লিষ্টরা অংশ নেন।

