শিলিগুড়ি, ২৭ মার্চ :
নির্বাচনী উত্তাপের মাঝেই রামনবমীর সকালে ভিন্ন মেজাজে ধরা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শুক্রবার সকালে নিজের বাসভবনের ছাদের মন্দিরে ভগবান শ্রীরামের পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও পারিবারিক ঐতিহ্য বজায় রেখে এই পুজোয় অংশ নেন তিনি।
পুজো শেষে কিছুক্ষণের জন্য রাজনীতির ব্যস্ততা সরিয়ে ভক্তির আবেশে ডুবে যেতে দেখা যায় তাঁকে। হারমোনিয়াম হাতে “সব কো সন্মতি দে ভগবান…” ভজন গেয়ে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেন গৌতম দেব। উপস্থিতদের কাছেও মুহূর্তটি হয়ে ওঠে বিশেষ।
এই প্রসঙ্গে গৌতম দেব জানান, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরেই ধর্মীয় চর্চার সঙ্গে যুক্ত। তাঁর বাবা একজন প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন এবং ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধের মধ্যে বড় হয়েছেন তিনি। তাই এই পুজো তাঁর ব্যক্তিগত বিশ্বাসের অংশ, রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট করেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভজনের মাধ্যমে তিনি শিলিগুড়ির বিজেপি প্রার্থীর জন্যও শুভবুদ্ধির কামনা করেছেন। পাশাপাশি তিনি জানান, ধর্মকে কখনওই রাজনীতির সঙ্গে মেলাতে চান না।
নির্বাচনের আবহেও দিনটি তিনি কাটিয়েছেন ভক্তি ও প্রার্থনার মধ্যে, দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনায়। রামনবমীর এই দিনে তাঁর বার্তা—রাজনীতির প্রতিযোগিতার মাঝেও মানবিকতা, ভক্তি ও শুভবুদ্ধিই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

