শিলিগুড়ি, ১ মে
ভোট গণনাকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, তা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
শিবিরে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব এবং মঙ্গল পাণ্ডে।দলীয় সূত্রে দাবি করা হয়েছে, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং ভোটের প্রবণতা অনুযায়ী তৃণমূল কংগ্রেস দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হবে।
এদিন বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে এবং বাস্তব পরিস্থিতিতে কীভাবে অনিয়ম রোধ করা যায়, তা হাতে-কলমে শেখানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, আগামী ৪ মে-র পর রাজ্যে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।

