শিলিগুড়ি , ৩ জুলাই
উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, এনবিডিডি নতুন রিজিওনাল অফিস এবং সড়ক নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। শুক্রবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের আট জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, উত্তরবঙ্গে বর্ষাকালীন পরিস্থিতি, বন্যা মোকাবিলার প্রস্তুতি, বিভিন্ন জেলার পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটি আঞ্চলিক কার্যালয় মালদার গাজোলে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কার্যালয় মূলত মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক পরিষেবাকে সমন্বয় করবে।
সাম্প্রতিক ময়নাগুড়ি বাস দুর্ঘটনার প্রেক্ষিতে সড়ক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনবিএসটিসির সমস্ত বাসে স্পিডোমিটার ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। জাতীয় সড়কে দুর্ঘটনার পর রাতে ব্যারিকেড সরানো, এবং বিএলআরও অফিসে সিসিটিভি নজরদারি বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসনগুলিকে বন্যার আগাম সতর্কতা ও দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া ময়নাগুড়ির মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া। উত্তরকন্যায় উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর্থিক সহায়তার চেক প্রদান করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

