জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারী :
SIR–এর নামে সনাতনীদের বেছে বেছে হয়রানির অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভে নামল বিজেপি। শুক্রবার বিকেলে বিজেপি কর্মী–সমর্থকরা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গেলে জেলাশাসকের সঙ্গে দেখা না হওয়ায় তারা ডেপুটেশন না দিয়েই ফিরে যান। এরপরই বিক্ষোভে সামিল হন বিজেপি নেতারা।
বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামী, জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, বিজেপি নেত্রী মিতালি রায় সহ অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকের দপ্তরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
এদিন বাপী গোস্বামী হুঁশিয়ারি দিয়ে বলেন, SIR–এর নামে সনাতনীদের হয়রানি অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে জেলাশাসকের দপ্তরে তালা দেওয়া হবে। জেলা সভাপতি শ্যামল রায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে IPAC ও কিছু সরকারি অস্থায়ী কর্মচারী বয়স্ক মানুষদের হেয়ারিংয়ের নাম করে ডেকে এনে হয়রানি করছে। নামের সামান্য ত্রুটি দেখিয়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে সমস্যায় ফেলার প্রতিবাদেই এই আন্দোলন বলে জানান তিনি।

