দিনহাটা , ১৪ জুলাই
সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার দিনহাটায় পর্যালোচনা বৈঠক করলেন কোচবিহারের জেলা শাসক জিতেন যাদব। দিনহাটা স্মৃতি সদনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ভারত সিং, দিনহাটার বিধায়ক অজয় রায়, বিডিও, পুরসভার আধিকারিক এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।
বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, ভিভিআরএমএস, আদমশুমারি-সহ একাধিক সরকারি প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জেলা শাসক দিনহাটার আরএমসি নিয়ন্ত্রিত চওড়াহাট বাজার পরিদর্শন করেন। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন।
পরবর্তীতে জেলা শাসক হরিতকীতলা মাঠ ও সংহতি ময়দান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহকুমা শাসক ভারত সিং ও বিধায়ক অজয় রায়।
জেলা শাসক জিতেন যাদব জানান, দিনহাটা ১ ও ২ নম্বর ব্লক, সিতাই ব্লক এবং দিনহাটা পুরসভার আধিকারিকদের নিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শহরের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ও পর্যালোচনা করা হয়েছে।
বিধায়ক অজয় রায় বলেন, হরিতকীতলা মাঠে একটি আধুনিক ইন্দোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব জেলা শাসকের কাছে দেওয়া হয়েছে। পাশাপাশি দিনহাটার ঐতিহ্যবাহী সংহতি ময়দানকে আধুনিক পরিকাঠামোর মাধ্যমে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

