শিলিগুড়ি, ১৮ জুন:
শহরের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমে থাকা, নিকাশি ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার ১ নম্বর বোরো অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১ নম্বর ও ২ নম্বর মণ্ডলের কর্মী-সমর্থকরা।
জানা গেছে, এদিন মাল্লাগুড়ি সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করে বিজেপি কর্মীরা ১ নম্বর বোরো অফিসে পৌঁছান। পূর্বনির্ধারিত সময়ে বোরো অফিসে উপস্থিত হলেও প্রথমে বোরো চেয়ারম্যানের দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। তাঁরা বোরো অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন।
তবে কিছুক্ষণ পর ১ নম্বর বোরোর চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি অফিসে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি এবং স্মারকলিপি গ্রহণ করেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, শহরের একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও আবাসিক এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি পানীয় জল সরবরাহ সংক্রান্ত সমস্যাও বহু এলাকায় প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতেই এদিনের কর্মসূচি নেওয়া হয় বলে দাবি দলের।
এ প্রসঙ্গে গার্গী চ্যাটার্জি জানান, “আগামী সাত দিনের মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ড থেকে জমে থাকা সমস্ত জল বের করার চেষ্টা করা হবে। পাশাপাশি বৃষ্টির কারণে যে সমস্ত ওয়ার্ডে জল জমে থাকা এবং জলনিকাশি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে, সেগুলিরও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
চেয়ারম্যানের আশ্বাসের পর বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি হয়। কর্মসূচিতে বিজেপির ১ নম্বর ও ২ নম্বর মণ্ডলের নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

