শিলিগুড়ি, ১৯ মার্চ :
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির তরফে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। নির্বাচনের প্রাক্কালে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে শুরু করেছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা এবং বিজেপি দার্জিলিং জেলার সভাপতি অরুণ মন্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন ফুলবাড়ির প্রার্থী শিখা চ্যাটার্জি, ফাঁসিদেওয়ার প্রার্থী দুর্গা মুর্মু, শিলিগুড়ির প্রার্থী শংকর ঘোষ এবং মাটিগাড়া-নকশালবাড়ির প্রার্থী আনন্দময় বর্মন। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানান রাজু বিস্তা। তিনি দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের পতন নিশ্চিত এবং রাজ্য ‘মুক্ত’ হবে বর্তমান সরকারের হাত থেকে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান এবং উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। রাজু বিস্তা বলেন, “২০২৬-এ বাংলায় ডবল ইঞ্জিনের সরকার গড়বে। দার্জিলিং জেলার চারজন প্রার্থীই জয়ী হবেন বলে আমার পূর্ণ বিশ্বাস। রাজ্য রোহিঙ্গা সমস্যার থেকেও মুক্তি পাবে, আদিবাসীদের সম্মান বাড়বে এবং পাহাড়ে শান্তি ফিরবে। পুলিশের অত্যাচার থেকেও মুক্তি পাবেন চালকরা।” সব মিলিয়ে, নির্বাচনের আগে এই সাংবাদিক বৈঠক থেকে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি রাজ্যের বর্তমান সরকারকে কটাক্ষ করে রাজু বিস্তা বলেন, আগামী ৪০ দিনের মধ্যেই রাজনৈতিক পালাবদল ঘটবে। ফলে ভোটের আগে শিলিগুড়ি ও পাহাড়ের রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

