ধূপগুড়ি, ৩ জানুয়ারী :
বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে ধূপগুড়িতে আসলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।শনিবার ধূপগুড়ির যতীনের হাট ফুটবল ময়দানে এই পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়।সভায় মিঠুন চক্রবর্তীর বক্তব্য শোনার জন্য জেলার বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।এদিন ১৫ মিনিটেরও কম সময় বক্তব্য রাখেন মিঠুন।বক্তব্যের শুরু থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ এবং সবাইকে এক হয়ে সরকার পরিবর্তনের ডাক দেন।তিনি বলেন,টিএমসি মানে হল টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি।রাজ্যে না আছে বাণিজ্য,বিদ্যা, স্বাস্থ্য।সর্বত্র দুর্নীতি তাই এসবে মন নেই।তাই তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে সরাতে সবাইকে এক ছাতার নিচে এসে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন,বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়।যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে।তৃণমূলকে কটাক্ষ করে বলেন,মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি।বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না।মায়ের পায়ের তলা হল স্বর্গ অথচ লালন ফকিরের অনুষ্ঠানে মায়ের গান গাইতে দেওয়া হয়নি।তাই যারা তৃণমূল কংগ্রেস করেন কিন্তু বিবেক বেঁচে আছে তাদেরকেও আহ্বান করছি বিজেপিতে আসুন।মনোমালিন্য থাকলে মিটিয়ে নিন,জয়ী হয়ে আসুন তারপর দেখুন কি হয়।
এদিনের সভাতে মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়, সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ একাধিক নেতৃত্ব।

