আলিপুর, ২১ মে
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁ ও দলসিংপাড়া এলাকায় এদিন বিজেপির পক্ষ থেকে এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। দুই এলাকাতেই কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিল ঘিরে তৈরি হয় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।
এদিনের কর্মসূচিতে প্রধান উপস্থিতি ছিলেন কালচিনি বিধায়ক বিশাল লামা। মিছিল শেষ হওয়ার পর দলসিংপাড়া বাজার এলাকায় এক পথসভাও অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, নির্বাচনী সময়ে জনগণের সামনে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তা ধাপে ধাপে পূরণ করা হবে। বিশেষ করে চা বাগান ও চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, অতীতে এলাকায় যে সমস্ত দুর্নীতি ও অনিয়ম হয়েছে, সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যে উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের উপর জোর দেওয়া হয়।
সব মিলিয়ে জয়গাঁ ও দলসিংপাড়ায় এদিনের বিজয় মিছিল ও পথসভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

