ধূপগুড়ি , ১১ জুলাই
শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে স্নান করতে নেমে ধূপগুড়ির গিলান্ডি নদীতে এক বন্ধু তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায় পাড়া সংলগ্ন উত্তর গোসাঁইরহাট এলাকায়। এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও দেহ উদ্ধার করতে পারেনি প্রশাসন। বেশি রাত হয়ে যাওয়ায় তল্লাশি চালাতে পারেনি রাজ্য পুলিশের বিপর্যয়ের মোকাবেলা বাহিনী ও ধূপগুড়ি ব্লকের সিভিল ডিফেন্সের কর্মীরা।
অবশেষে আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দক্ষিণ গোসাইরহাট এলাকায় উদ্ধার হয় ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সূর্যসেন কলোনির বাসিন্দা সোহম বসাকের মৃত দেহ। সিভিল ডিফেন্সের কর্মীরা এসে দেহটিকে নদী থেকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর শুনে সেখানে পরিবারের লোকজন ছুটে আসেন এরপরে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

