জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি :
জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার। রাজ্যের একাধিক পোস্ট অফিসের সঙ্গে জলপাইগুড়ির প্রধান ডাকঘরেও ই-মেলে জানানো হয়, পার্সেলের মধ্যে আরডিএক্স রয়েছে। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে ডাকঘর কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশ, বোম স্কোয়াড, স্নিফার ডগ ও জেলা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু মেলেনি বলে জানানো হয়। পোস্টমাস্টার দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় গ্রাহকদের আতঙ্ক কেটেছে এবং বর্তমানে স্বাভাবিক কাজকর্ম চলছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

