কোচবিহার, ৬ জুলাই :
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কোচবিহার-১ ব্লকের চান্দামারী অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে। কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চান্দামারী অঞ্চলের ৪/৭০ নম্বর বুথের বাসিন্দারা একজোট হয়ে পঞ্চায়েত সদস্য বাঁশি বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, কারও কাছ থেকে ৫ হাজার, কারও কাছ থেকে ৮ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ওই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। তা না হলে আগামী দিনে তাঁরা আইনি পদক্ষেপের পাশাপাশি আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। বিক্ষোভের সময় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকাবাসীর একাংশের আরও অভিযোগ, ভোটের আগে পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি এবং এক সুপারভাইজার মিলে এই টাকা সংগ্রহ করেছিলেন। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, পঞ্চায়েত সদস্য বাঁশি বর্মনের পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁর ভাই জানান, এই অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে হলে পঞ্চায়েত সদস্য বাঁশি বর্মনই বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিযোগের সত্যতা নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলির সত্যতা এখনও প্রশাসনিকভাবে প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ।

