আলিপুরদুয়ার, ২৭ অক্টোবর
ব্রিটিশ আমল থেকে চলে আসা ঐতিহ্যের মেলবন্ধন। ৯২তম বর্ষে পা রাখতে চলেছে ডুয়ার্সের ঐতিহাসিক হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে এই প্রাচীন মেলা। টানা ১৪ দিন ধরে চলবে মেলা। ইতিমধ্যেই মেলাকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি।
এবারের মেলায় থাকছে একাধিক সরকারি স্টল। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে মেলায় নিজেদের পসরা সাজিয়ে বসবেন। নানা ধরনের আকর্ষণীয় সামগ্রীর পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের স্টল।
মেলার প্রস্তুতি ও আয়োজনের খুঁটিনাটি জানাতে এদিন মেলা অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি কালিদাস মুখার্জি, যুগ্ম সম্পাদক অলোক মিত্র ও সুকমল ঘোষ, কোষাধ্যক্ষ অঙ্কুর ঘোষ এবং চেয়ারম্যান সঞ্জয় মুখার্জি।
মেলা কমিটির কর্তারা জানান, ব্রিটিশ আমলে এক ইউরোপীয় সাহেবের উদ্যোগে হ্যামিল্টনগঞ্জে কালীপুজো ও মেলার সূচনা হয়েছিল। সেই সময় চা-বলয়ের শ্রমিকদের মনোরঞ্জনের জন্য বিশেষ কোনও ব্যবস্থা ছিল না। শ্রমিকদের আনন্দ ও বিনোদনের কথা মাথায় রেখেই কালীমন্দির প্রাঙ্গণে এই মেলার সূচনা করা হয়।
একসময় সারা রাত ধরে চলত এই মেলা। সময়ের সঙ্গে মেলার পরিসর ও আয়োজনের ধরনে পরিবর্তন এলেও দীর্ঘদিনের ঐতিহ্য আজও ধরে রেখেছে হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা।
প্রতিবছর ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় ভিড় জমান। টানা ১৪ দিন ধরে মেলাকে কেন্দ্র করে হ্যামিল্টনগঞ্জ হয়ে ওঠে কার্যত মিলনক্ষেত্র। বাইরে থাকা আত্মীয়স্বজনরাও এই সময় বাড়ি ফিরে আসেন। ফলে মেলাকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মেলা কমিটি। পাশাপাশি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঐতিহ্যের ৯২তম বর্ষে পা রাখতে চলা হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা ঘিরে ইতিমধ্যেই ডুয়ার্সবাসীর মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। পুরনো ঐতিহ্য, মেলার টান এবং নতুন আয়োজন—সব মিলিয়ে ৯ নভেম্বর থেকে ফের জমে উঠতে চলেছে হ্যামিল্টনগঞ্জ।

