জলপাইগুড়ি, ১৩ মার্চ :
রান্নার গ্যাস নিয়ে অচল অবস্থা বিদ্যমান। বুকিং হচ্ছে না গ্যাসের। গৃহস্থের সমস্যা যেমন বাড়ছে তেমনি বাণিজ্যিক গ্যাসও মাসখানেক আগে বুকিং বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও মিষ্টান্ন প্রস্তুতকারী ব্যবসায়ী মহল। যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও পরিবহণে প্রভাব পড়েছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে ভারতে রান্নার গ্যাসের সরবরাহে। এর জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও দেখা দিয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সংকট।
জলপাইগুড়ি শহর ও আশপাশের এলাকায় বর্তমানে বাণিজ্যিক গ্যাসের বুকিং কার্যত বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে সমস্যায় পড়েছেন হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন খাবারের দোকানের ব্যবসায়ীরা। অনেকেই জানিয়েছেন, নিয়মিত গ্যাস সরবরাহ না পাওয়ায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ বাধ্য হয়ে সীমিতভাবে দোকান খুলছেন, আবার অনেক দোকানেই রান্নার কাজ কমিয়ে দিতে হয়েছে।
স্থানীয় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের দাবি, সাধারণত কয়েক দিনের মধ্যেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। কিন্তু বর্তমানে বুকিং নেওয়া বন্ধ থাকায় নতুন সিলিন্ডার পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ফলে ব্যবসা পরিচালনায় বড় ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘদিন চললে ছোট হোটেল ও খাবারের দোকানগুলোর ওপর বড় আর্থিক চাপ পড়বে। একই সঙ্গে সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারেন, কারণ অনেক জায়গায় খাবারের দোকানে পরিষেবা সীমিত করা হয়েছে।

