শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর
উত্তরবঙ্গের দুর্গাপুজোর ইতিহাসে এবার যোগ হতে চলেছে এক অভূতপূর্ব অধ্যায়। প্রতি বছরই নতুন কিছু চমক উপহার দিলেও, এবার পুজো শুরুর আগেই আলোড়ন ফেলে দিয়েছে শিলিগুড়ির একটি ঐতিহ্যবাহী ক্লাব। সেনকো গোল্ডের সহযোগিতায় তৈরি একশো কেজি সোনার সাজে এবার সেজে উঠতে চলেছেন মা দুর্গা ও তাঁর চার সন্তান! ঠিক কী পরিকল্পনা রয়েছে এই মেগা আয়োজনের নেপথ্যে?
সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ৬৪তম বর্ষের এই বিশেষ আয়োজনের কথা ঘোষণা করেন সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির কর্তারা। তাঁরা জানান, এই ১০০ কেজি সোনার সাজ শুধু একাই দেবীর জন্য নয়; এর মধ্যেই দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী—পাঁচ দেবদেবীকে সাজানো হবে। এছাড়া বালুরঘাটের শিল্পীর মণ্ডপ এবং চন্দননগরের চোখধাঁধানো আলোকসজ্জা এই পুজোকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।
তবে স্থান পরিবর্তন নিয়ে রয়েছে অন্য চর্চা। রেলের কাজ চলায় এবার পুজোর স্থান সামান্য বদলে নিউ জলপাইগুড়ি থানা ও রেল অফিসের পাশের মাঠে আয়োজন করা হচ্ছে। ভিড় সামলাতে মণ্ডপের ৮ ফুট আগে ব্যারিকেড, সিসিটিভি এবং কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী তৃতীয়ার দিন সন্ধ্যা ৬টায় এই পুজোর উদ্বোধন হবে, যদিও উদ্বোধকের নাম নিয়ে রহস্য বজায় রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের এই মেগা চমক দেখতে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে শহরজুড়ে।

