শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারী :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করা ও কৌশলগত রূপরেখা নির্ধারণে তৎপর হল কংগ্রেস। মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অবজারভার প্রকাশ যোশী।
জানা গিয়েছে, বৈঠকে জেলা ও ব্লক স্তরের সাংগঠনিক পরিস্থিতি, বুথভিত্তিক প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কীভাবে জেলাস্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেন অবজারভার।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ যোশী জানান, দার্জিলিং জেলায় কংগ্রেস সংগঠনকে পুনরুজ্জীবিত করতে একাধিক কর্মসূচি নেওয়া হবে। বুথ কমিটি গঠন ও পুনর্গঠন, জনসংযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের ইস্যুগুলিকে গুরুত্ব দিয়ে আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তিনি আরও বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস শক্তিশালীভাবে লড়বে এবং মানুষের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুবিন ভৌমিক সহ জেলা নেতৃত্বের অন্যান্য সদস্যরা। তারা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
নির্বাচনের আগে কংগ্রেসের এই তৎপরতা পাহাড় ও সমতল মিলিয়ে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

