শিলিগুড়ি, ২৬ মার্চ :
শংকর ঘোষের প্রচার বন্ধ, নয়া বাজারে সমর্থনে মাঠে নামলেন রাজু বিস্তা। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে শিলিগুড়ি-র রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজের নির্বাচনী প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার শিলিগুড়ি ১ নম্বর ওয়ার্ডের এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এই ঘটনায় জড়িত রয়েছেন ওই নাবালিকার গৃহ শিক্ষক। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখেন শংকর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, যতদিন না পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে, ততদিন তিনি প্রচারে ফিরবেন না।
এদিকে, প্রার্থীর অনুপস্থিতিতে দলের প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। বৃহস্পতিবার শিলিগুড়ির নয়া বাজার এলাকায় শংকর ঘোষের সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। এদিন স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
প্রচার চলাকালীন রাজু বিস্ত বলেন, “এই দুঃখজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” পাশাপাশি তিনি শংকর ঘোষের এই মানবিক সিদ্ধান্তের প্রশংসা করেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন।

