আলিপুরদুয়ার , ২৯ জুলাই
বেতন সংক্রান্ত সমস্যার সমাধান এবং দীর্ঘদিনের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে বুধবার কালচিনি ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল সারা বাংলা সিএসপি কর্মী ইউনিয়নের সদস্যরা।
ইউনিয়নের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ দীর্ঘ সময় ধরে বেতন সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি গত কয়েক মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি।
কর্মীদের অভিযোগ, নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত বেতন প্রদান এবং সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিতে এর আগেও একাধিকবার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

