শিলিগুড়ি, ৩ জুলাই:
মাটিগাড়া এলাকায় কথিত জমি মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের নাম রিঙ্কু সিং (মাটিগাড়া বাজার), রাজেশ ওরাঁও (বানিয়াখাড়ি) এবং পঙ্কজ তামাং (দেবিডাঙা বাজার)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জুন দায়ের হওয়া একটি জমি প্রতারণার মামলায় রিঙ্কু সিংকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, বৃহস্পতিবার দায়ের হওয়া আরও একটি মামলায় রাজেশ ওরাঁও ও পঙ্কজ তামাংকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি সাংসদ রাজু বিস্তা পুলিশের হাতে ২২ জন কথিত জমি মাফিয়ার একটি তালিকা তুলে দিয়েছিলেন। গ্রেফতার হওয়া এই তিনজনের নামও সেই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি ও ব্যক্তিমালিকানাধীন ফাঁকা জমি ভুয়ো নথির মাধ্যমে নিজেদের নামে অথবা অন্যের নামে বেআইনিভাবে হস্তান্তর করত। এই চক্রের সঙ্গে ADSR দফতরের কিছু কর্মীর যোগসাজশ থাকার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং একাধিক ব্যক্তি এর মাধ্যমে প্রতারিত হয়েছেন। তদন্তকারীরা এখন নথিপত্র, জমির মালিকানা সংক্রান্ত রেকর্ড এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং সরকারি দফতরের কোনও কর্মী বা অন্য কেউ এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
শুক্রবার ধৃত তিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। পুলিশ জানিয়েছে, এই মামলার তদন্ত এখনও চলছে এবং গোটা চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

