নিউ জলপাইগুড়ি, ২৮ জুন:
ভরদুপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ এলাকায়। রবিবার দুপুর নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় দীর্ঘক্ষণ রেললাইনের উপর পড়ে থাকে দেহ। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে ও পুলিশের খবর দেন।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও রেলওয়ে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর এলাকাবাসীর সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়। পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
মৃত ব্যক্তির নাম মানিক ভট্ট (প্রায় ৬০)। তাঁর বাড়ি ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীনগর কলোনি এলাকায়। পেশায় তিনি স্কুল বাস চালক ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

