জলপাইগুড়ি , ১৬ আগস্ট
বিজ্ঞান চেতনার বিকাশে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন বিজ্ঞান চেতনার বিকাশ এবং পড়ুয়াদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা গড়ে তুলতে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অঙ্কন, প্রবন্ধ, কুইজ, বিতর্ক, আবৃত্তি-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করেন। রবিবার সকালে জলপাইগুড়ির ডিবিসি রোডের ক মার্কস কলেজে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের পড়ুয়াদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অঙ্কনের মাধ্যমে পড়ুয়ারা বিজ্ঞান, পরিবেশ ও সমাজ সম্পর্কে নিজেদের ভাবনাকে তুলে ধরে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডক্টর পার্থ চক্রবর্তী জানান, পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদী চিন্তার বিকাশ ঘটাতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

