মাথাভাঙ্গা, ২০ এপ্রিল :
আগামী ২৩ শে এপ্রিল ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন।আগামীকাল প্রচারের শেষ দিন।তার আগে প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল। সমস্ত প্রার্থীর সমর্থনেই হেভিওয়েট থেকে শুরু করে তারকারা প্রচার করেছেন।এমনকি মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে জনসভা করে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার সেই সাবলু বর্মনের সমর্থনে মাথাভাঙ্গায় জনসভা করতে এলেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব।
এদিন তিনি মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসভা করেন।জনসভা মঞ্চের পাশেই তৈরি করা হেলিপ্যাডে চপার থেকে নামেন তিনি তারপর সভামঞ্চে উঠেন।এদিকে অভিনেতা দেবকে দেখতে ব্যাপক ভিড় জমে যায় এলাকায়।যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনীও।
মঞ্চে উঠে অভিনেতা তথা সাংসদ দেব রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী সাবলু বর্মনকে ভোট দিয়ে আশির্বাদ করার কথা বলেন।তিনি আরও বলেন পৃথিবীতে যেকোনো নির্বাচন মন্দির,মসজিদ বানানোর জন্য হয়না।এই নির্বাচন হয় কে কতগুলো স্কুল করবে,কে কতগুলো হসপিটাল করবে,কে কতগুলো রাস্তাঘাট করবে,কে মানুষকে বাঁচিয়ে রাখবে,মানুষকে এক রাখবে এবং মানুষকে ভালো রাখবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন।

