ধূপগুড়ি, ২৮ জানুয়ারী :
বেসরকারি হোটেলে থেকে মাদক বিক্রির চক্র । মাদক দ্রব্য সহ আটক ৫। সবজি ব্যবসায়ীর পরিচয় দিয়ে গত বেশ কয়েকদিন থেকে ধূপগুড়ি শহরের চৌপথির একটি বেসরকারি হোটেলে ছিলেন পাঁচ যুবক। সবজি ব্যবসার আড়ালে বড়সড়ো নেশা চক্রের আসর বসিয়েছিলেন তারা। সূত্রের খবর, ধূপগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় ব্রাউন সুগার সাপ্লাই দিতেই আটঘাট বেঁধে আস্তানা গেড়েছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ পাঁচজনকে আটক করল ধূপগুড়ি থানার পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
এরপর তল্লাশি চালিয়ে তাদের থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা এবং আইসি অনিন্দ্য ভট্টাচার্য পৌঁছায়। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সকলেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা। কয়েকদিন ধরে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে পাইকারি সবজি বিক্রির আড়ালে মাদক দ্রব্যের ব্যবসা করছিল তারা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। পাঁচজনকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

