আলিপুরদুয়ার, ১১ জুন:
আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকার বাসিন্দা অশোক চৌধুরীর চার সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল তাঁর ই-রিকশা। সেই ই-রিকশার সমস্ত ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় এখন চরম সংকটে পড়েছেন তিনি। পরিবার চালানো থেকে শুরু করে দৈনন্দিন খরচ মেটানো— সবকিছু নিয়েই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
জানা গিয়েছে, পেশায় ই-রিকশা চালক অশোক চৌধুরীর একটি নিজস্ব ই-রিকশা রয়েছে। স্ত্রী ও ছোট ছোট সন্তানদের নিয়ে তাঁর সংসার। প্রতিদিনের মতো তিনি ই-রিকশা চালিয়ে যা উপার্জন করেন, তা দিয়েই কোনোরকমে পরিবারের ভরণপোষণ চলে। অন্য কোনও আয়ের উৎস না থাকায় এই গাড়িটিই ছিল তাঁর পরিবারের বেঁচে থাকার প্রধান ভরসা।
অশোক চৌধুরী জানান, প্রতিদিনের মতো এদিনও সকালে ই-রিকশা নিয়ে কাজে বের হওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু গাড়ির কাছে গিয়ে দেখেন, ই-রিকশার সমস্ত ব্যাটারি উধাও। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গাড়ির ব্যাটারিগুলি খুলে নিয়ে চম্পট দিয়েছে বলে তাঁর অভিযোগ। ঘটনাটি নজরে আসতেই তিনি হতবাক হয়ে পড়েন।
ঘটনার পর কালচিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া ব্যাটারিগুলির কোনও হদিস মেলেনি।
অশোকবাবুর দাবি, সম্প্রতি প্রায় ৩৬ হাজার টাকা খরচ করে তিনি নতুন ব্যাটারি কিনেছিলেন। অনেক কষ্টে টাকা জোগাড় করে কেনা সেই ব্যাটারিগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর কথায়, “ই-রিকশা না চললে সংসার চলবে কীভাবে বুঝতে পারছি না। প্রতিদিনের রোজগার বন্ধ হয়ে গেলে পরিবারের খরচ চালানোই অসম্ভব হয়ে পড়বে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত চোরদের গ্রেফতার করে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন অশোক চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা।

