জলপাইগুড়ি, ২৭ মে:
সদ্য নির্বাচিত উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস বুধবার নিজের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান জলপাইগুড়ি ল কলেজে ফিরে এলেন। তার আগমনে কলেজের ছাত্র-ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। বিধায়ক জানান, এই কলেজের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এখানে পড়াশোনা করার স্মৃতি আজও তার মনে জাগ্রত। তিনি বলেন, বর্তমানে কলেজে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, বিশেষ করে একটি সঠিক ক্যাম্পাসের অভাব। এসব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ১০০ শতাংশ দিয়ে কাজ করার আশ্বাস দেন।কলেজের অধ্যক্ষ ড. অভিজিৎ ভট্টাচার্য বলেন, তাদের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় যে কলেজের একজন প্রাক্তন ছাত্র এখন নীতিনির্ধারণের অংশ।তিনি আশা প্রকাশ করেন, বিধায়ক হিসেবে বিরাজ বিশ্বাস বিধানসভায় কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবেন।পাশাপাশি তিনি কলেজের জমি সমস্যার কথাও উল্লেখ করেন এবং উপযুক্ত জমি বরাদ্দের জন্য বিধায়কের কাছে আবেদন জানান। তার মতে, জলপাইগুড়িতে এমন অনেক সরকারি জমি রয়েছে, যেখান থেকে কলেজের জন্য জমি দেওয়া সম্ভব।

