জলপাইগুড়ি, ২৮ মে:
ময়নাগুড়ি ব্লকের বার্ণিশ গ্রামপঞ্চায়েতের মরিচবাড়ি গ্রামে তিস্তা নদীর ভাঙনে বিপাকে প্রায় ২ হাজার কৃষক। অভিযোগ, আগের তৃণমূল সরকারের উদাসীনতার কারণে নদী বাঁধ মেরামতের কাজ হয়নি, ফলে কৃষিজমি ক্রমেই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ২০২৫ সালের বন্যার পর থেকেই এলাকায় প্রটেকশন বাঁধে ফাটল ধরে। স্থানীয়রা আন্দোলন করলেও স্থায়ী সমাধান হয়নি। অস্থায়ীভাবে বাঁশের পাইলিং করা হলেও তা স্রোতে ভেঙে যায়। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি নদীতে বিলীন হয়েছে এবং বর্ষা শুরু হতেই ভাঙন আরও বেড়েছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত বাঁধ সংস্কার না হলে অচিরেই পুরো এলাকা তিস্তার গর্ভে চলে যেতে পারে। ফলে চাষাবাদ ও জীবিকা—দুইই মারাত্মক সংকটে পড়বে। উল্লেখ্য, এই গ্রামের উৎপাদিত ফসল দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। এমতাবস্থায় কৃষকদের দাবি, তাদের জমি ও জীবিকা রক্ষায় অবিলম্বে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করুক বর্তমান রাজ্য সরকার।

