শিলিগুড়ি ৪ জুন
বকেয়া ফি নিয়ে বিবাদের জেরে অধ্যক্ষকে মারধরের অভিযোগ, থানার দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ
চম্পাসারি ধাকনি কাটায় অবস্থিত একটি বেসরকারি স্কুলে বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, এক ছাত্রের বকেয়া ফি পরিশোধকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই এদিন স্কুলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্কুলের বর্তমান অধ্যক্ষ শ্রীমতী ভিমা দেবী শর্মার অভিযোগ, বকেয়া ফি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলাকালীন ছাত্রের বাবা রাহুল চক্রবর্তী এবং মা সোনালি চক্রবর্তী তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তাঁকে শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। অধ্যক্ষের দাবি, ধস্তাধস্তির সময় তাঁর গলায় থাকা মঙ্গলসূত্র ছিঁড়ে যায় এবং তাঁর মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয়।
ঘটনার পর আহত অধ্যক্ষ প্রধাননগর থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

