মাথাভাঙ্গা, ২৭ মে:
রান্নার গ্যাস বুকিং করার পরেও দীর্ঘদিন সিলিন্ডার না পাওয়ার অভিযোগে এবার ক্ষোভে ফেটে পড়লেন একাংশ উপভোক্তারা। বুধবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তর ও বাংলোর সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গ্যাস বুকিংয়ের পর ডি,এ,সি নম্বর পাওয়া গেলেও দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস সিলিন্ডার। ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বহু পরিবারে রান্নার কাজও ব্যাহত হচ্ছে বলে দাবি উপভোক্তাদের।
এদিন পরিস্থিতির প্রতিবাদ জানাতে বাধ্য হয়েই মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, গ্যাস অফিস সূত্রে জানা গিয়েছে, গ্যাসবাহী গাড়ি পর্যাপ্ত পরিমাণে না ঢোকায় সিলিন্ডারের সংকট তৈরি হয়েছে। সেই কারণেই নির্ধারিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।

