মাথাভাঙ্গা, ১৯ মার্চ :
বিভিন্ন জায়গার পাশাপাশি গতকাল রাতে শিলাবৃষ্টি হয় মাথাভাঙ্গাতেও। আর এই শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে মাথাভাঙ্গার বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন ফসলের পাশাপাশি ক্ষতি হয়েছে ঘরবাড়িরও। মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড়, জোড়পাটকী সহ কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ব্যাপক ফসলের ক্ষতি হয়।বিঘার পর বিঘা তামাক,ভুট্টা,আলু,কচু সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়।আর এর ফলে মাথায় হাত পড়েছে চাষীদের। ক্ষতিগ্রস্ত চাষীরা জানান তামাক ,আলু,ভুট্টার মতো বিভিন্ন ফসল চাষ করেই সংসার চলে তাদের।আর কয়েকদিন পরই ফসল ঘরে ওঠানোর কথা কিন্তু তার আগেই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সন্মুখীন তারা।তাই সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।এদিকে পচাগড় গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত এলাকায় এদিন পৌঁছান মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মন।তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন চাষীদের সাথে ।সরকারি ভাবে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি ওই এলাকায় ভোট প্রচারও সারেন তিনি।

