শিলিগুড়ি, ১ মে :
শিলিগুড়ির ফুলবাড়ী এলাকায় একটি ড্রেন থেকে অচেনা একটি স্কুটি উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ড্রেনের মধ্যে একটি স্কুটি পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি ধরাধরি করে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই স্কুটিটির নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে জানা যায়, গাড়িটি শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা প্রফুল্ল কুমার সিংহের নামে নথিভুক্ত। তবে কীভাবে স্কুটিটি ড্রেনে পড়ল বা এর পেছনে কোনও বড়সড় অপরাধমূলক ঘটনা রয়েছে কিনা, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
ইতিমধ্যে স্কুটির মালিকের খোঁজ এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। এই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
ফুলবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহা জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন পাড়ার সবাই দেখেন নির্মল দত্ত নামে একজনের বাড়ির সামনের রাস্তার ধারের ড্রেনে একটি স্কুটি পরে আছে। কার স্কুটি সেটা কেউই জানেন না। কোত্থেকে এসেছে সেটাও কারো জানা নেই। সকালেই সবাই ঘুম থেকে উঠে দেখতে পারেন। ঘটনাটি জানাজানি হওয়ার কিছুক্ষন পরেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয় আর তারপরেই পুলিশ এসে ড্রেন থেকে স্কুটিটি উদ্ধার করেন।

