শিলিগুড়ি, ২৮ মে:
অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের ‘পুশব্যাক’ বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের সঠিকভাবে শনাক্তকরণ, আইনি প্রক্রিয়ার আওতায় আনা এবং চূড়ান্তভাবে প্রত্যাবাসনের লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।
এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অস্থায়ীভাবে রাখার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ ‘হোল্ডিং সেন্টার’। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বেআইনিভাবে ভারতে প্রবেশকারীদের চিহ্নিত করতে নজরদারি আরও কড়া করা হচ্ছে। একইসঙ্গে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজও চলবে।

