জলপাইগুড়ি, ২৬ এপ্রিল :
রবিবার দুপুরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন দু’জন। ময়নাগুড়ির ভোটপার্টি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় চা-পাতা বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বড় লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেংরা বান্ধা দিক থেকে ময়নাগুড়ির দিকে আসছিল পিকআপ ভ্যানটি। সেই সময় একই রাস্তায় থাকা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এই ঘটনায় জখম হন পিকআপ ভ্যানের চালক ও সহকারী চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভোটপার্টি পুলিশ ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডুর নেতৃত্বে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

