আলিপুরদুয়ার, ১৯ আগস্ট
রেশন না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ডিমা চা বাগানের শ্রমিকরা, ফিঙ্গারপ্রিন্ট নিয়েও মিলছে না খাদ্যসামগ্রী,
ফের রেশন বিতরণে অনিয়মের অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডিমা চা বাগান এলাকায়। সময়মতো রেশন না পাওয়ার অভিযোগে বুধবার রেশন দোকানের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান চা বাগানের শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই নির্ধারিত সময়ে তাঁদের রেশন দেওয়া হয় না। অথচ রেশন দেওয়ার আগে দায়িত্বপ্রাপ্ত ডিলার শ্রমিকদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টোকেন দিয়ে দেন। এরপর রেশন সংগ্রহের জন্য বারবার দোকানে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
শ্রমিকদের দাবি, সময়মতো চাল, আটা-সহ রেশন সামগ্রী না পাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। বিশেষ করে চা বাগানের শ্রমিক পরিবারগুলির দৈনন্দিন খাদ্যসংস্থানে রেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে রেশন বিতরণে এই অনিয়ম দ্রুত বন্ধ করে নির্ধারিত সময়ে রেশন দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শ্রমিকদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি উঠেছে।

