শিলিগুড়ি, ১লা জুন
কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল তাদের সংগঠনের নতুন নাম ঘোষণা করল। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ জানান, এবার থেকে সংগঠনটির নাম হবে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (ডেমোক্রেটিক)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুনভাবে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি সদস্যপদের নতুন কাঠামোও প্রকাশ করা হয়। নেতারা জানান, সংগঠনকে আরও গণতান্ত্রিক ও শক্তিশালী করে তুলতেই এই পরিবর্তন আনা হয়েছে।
সাংবাদিক বৈঠকে কামতাপুরকে পৃথক রাজ্য করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পুনরায় তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব। একই সঙ্গে কামতাপুরী ভাষার স্বীকৃতি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। তাদের অভিযোগ, ভাষাটিকে শুধুমাত্র ‘রাজবংশী ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে, যা কামতাপুর আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্যকে উপেক্ষা করে। তাই ভাষার স্বীকৃতি হলে তা প্রথমে ‘কামতাপুরী’ নামেই দেওয়া উচিত বলে দাবি সংগঠনের।
নেতাদের বক্তব্য, কোচ-রাজবংশী ও কামতাপুরী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, উন্নয়ন ও স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছেন। ভবিষ্যতেও গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সেই আন্দোলন আরও জোরদার করা হবে বলেও এদিন জানানো হয়। পাশাপাশি নতুন সাংগঠনিক পরিকল্পনার মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনের বিস্তার ঘটানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

