জলপাইগুড়ি , ১৬ আগস্ট
তিস্তার রেল সেতুতে মহাদেব রায় খুনের ঘটনায় পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ
জলপাইগুড়ির তিস্তার রেল সেতু সংলগ্ন এলাকায় নৃশংসভাবে খুন হন সেনপাড়ার বাসিন্দা মহাদেব রায়। অভিযোগ, চার যুবক মিলে তাঁকে খুন করে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মহাদেবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।রবিবার মহাদেব রায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। পরিবারের কাছ থেকে খুনের আগের দিন পর্যন্ত ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তাঁরা। ঘটনায় তীব্র প্রতিবাদ জানান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক তথা আইনজীবী শুভঙ্কর দত্ত পরিবারকে আশ্বাস দেন, অভিযুক্তদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপে তাঁরা পাশে থাকবেন। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে।

