আলিপুরদুয়ার, ৫ ফেব্রুয়ারী :
জেলা জুড়ে চোলাই মদের অবাধ বিক্রি বন্ধের দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন। সংগঠনের ডাকে এদিন আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
বেলা নাগাদ প্লেকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা চোলাই মদের কুফল তুলে ধরে জোরালো স্লোগান দেন এবং অবিলম্বে এই বেআইনি ব্যবসা বন্ধের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, চোলাই মদের অবাধ বিক্রির ফলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সামাজিক অবক্ষয় বাড়ছে। যুব সমাজ নেশার কবলে পড়ে বিপথে পরিচালিত হচ্ছে, ভেঙে পড়ছে বহু পরিবার। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলেও দাবি তাঁদের।
বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশনে চোলাই মদ বিক্রির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত নজরদারির দাবি জানানো হয়।

