শিলিগুড়ি , ৮ আগস্ট
দীর্ঘদিন ধরেই বিধান মার্কেট এলাকায় পার্কিং সমস্যা নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও যানবাহন চালকদের। পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় রাস্তার ধারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে তৈরি হচ্ছিল যানজট। পাশাপাশি পথচারীদের চলাচলেও সমস্যা দেখা দিচ্ছিল।
এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। বিধান মার্কেট এলাকার গাড়ি পার্কিংয়ের চাপ কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এই পার্কিং জোন চালু হলে বিভিন্ন ধরনের গাড়ি আর অযথা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখতে হবে না। নির্দিষ্ট পার্কিং লটে গাড়ি রাখার সুযোগ পাবেন চালকরা।
প্রশাসনের এই উদ্যোগে বিধান মার্কেট এলাকার যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে যে যানজট তৈরি হয়, নতুন পার্কিং ব্যবস্থা চালু হলে সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
পার্কিং ব্যবস্থা দ্রুত কার্যকর করার লক্ষ্যে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় বিধায়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলও বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। কীভাবে দ্রুত এই পার্কিং ব্যবস্থা সম্পূর্ণ করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া যায়, তা নিয়ে কাজ চলছে।
বিধান মার্কেটের দীর্ঘদিনের পার্কিং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।

