অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গোটা রাজ্য বিক্ষোভ চলছে। তবে, মহিলাদের বিক্ষোভের মাঝে ফাঁসিদেওয়ার বিডিও অফিসে উপস্থিতিতে মহিলাদের উপর লাঠিচার্জের ঘটনা প্রথম। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মঙ্গলবার ফাঁসিদেওয়া বিডিও অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকার অভিযোগ নিয়ে মহিলারা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে বিডিও অফিসের একটি ঘরের দরজার উপর ডিম ছুঁড়তে থাকেন উত্তেজিত মহিলারা। আচমকাই বিডিও অফিস চত্বরে উপস্থিত বিএসএফ কর্মীরা মহিলাদের উপর লাঠিচার্জ শুরু করেন। এই ঘটনায় দুই মহিলা এবং দুই সাংবাদকর্মীর উপরও লাঠিচার্জ হয়েছে বলে অভিযোগ।
এদিকে মহিলাদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটলেও, সেখানে মহিলা কোনও বিএসএফ ছিলেন না। যারা লাঠিচার্জ করেছেন প্রত্যেক বিএসএফ কর্মী পুরুষ ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ফাঁসিদেওয়া বিডিও অফিসে। কার নির্দেশে লাঠিচার্জের মতন ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের কোনও মন্তব্য মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ির এসডিপিও সৌমজিৎ রায় পৌঁছান। মহিলাদের তরফে দাবি করা হয়েছে তাদের উপরে এভাবে লাঠিচার্জের মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।

