নিজস্ব সংবাদদাতা, ৯ এপ্রিল :
আরামবাগের জনসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, তালিকা ‘ফ্রিজ’ করা, ট্রাইব্যুনালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফের আইনি লড়াইয়ের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকা নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট জানিয়েছিল ট্রাইব্যুনালে আবেদন করলে তালিকা থেকে বাদ পড়ে যাওয়া নামগুলি পুনরায় বিবেচিত হবে। পাশাপাশি তিনি ট্রাইব্যুনাল ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, যদি সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগই না পায়, তাহলে ট্রাইব্যুনাল তৈরীর অর্থ কি? ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলেও জানান। ইতিমধ্যে প্রায় ৩২ লক্ষ মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বহু মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা বাকি রয়েছে। এদিন তিনি বলেন, “আমি হয়তো বোকা হতে পারি, কিন্তু একজন আইনজীবী হিসেবে মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত।” তিনি এবং তার দল সেদিকেই হাঁটবে, এদিনের জনসভায় এটাও তিনি স্পষ্ট করে দেন।
এদিন তিনি ভবানীপুরের প্রসঙ্গ টেনে বলেন, তার নিজের বিধানসভা এলাকাতে লক্ষাধিক মানুষের নাম বাদ পড়েছে। তবুও তিনি বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

