জলপাইগুড়ি ,১১ জুন
জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল ‘আবেগের জলপাইগুড়ি নাগরিক মঞ্চ’। এদিন শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজকর্মী এবং সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নাগরিক মঞ্চের অভিযোগ, পৌরসভার আর্থিক অনিয়ম, কর্মীদের বেতন ও পেনশন বকেয়া, প্রশাসনিক স্বচ্ছতার অভাব-সহ একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে চললেও সেগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সমাজকর্মী নব্যেন্দু মৌলিক জানান, পৌরসভার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে এবং বিষয়গুলির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে আইনজীবী সৌজিৎ সিংহ বলেন, সামাজিক মাধ্যমে পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগ এখনও প্রকাশ্যে রয়েছে। সেই অভিযোগগুলির যথাযথ তদন্ত করে প্রশাসন ও পুলিশের সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
নাগরিক মঞ্চের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

