শিলিগুড়ি, ২৫ মার্চ :
আজ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি জনসভা রয়েছে উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গ থেকেই বিধানসভা ভোটের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ডুয়ার্সের চালসার পর আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের হয়ে বেলা বারোটায় ময়নাগুড়িতে জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী উড়ে আসবেন শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি ঠাকুরনগরে। ঠাকুরনগরের মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছে হ্যালিপ্যাড। ঠাকুরনগরের জাবড়াভিটা হাই স্কুল মাঠে ডাবগ্রাম ফুলবাড়ীর তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মার হয়ে জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ীর জনসভা শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন নকশালবাড়ি। নকশালবাড়িতে ও তৈরি করা হয়েছে হেলিপ্যাড। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকারের হয়ে নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল মাঠে জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

